মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাটে ভাড়া থাকতেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত। অভিনেতার মৃত্যুর পর থেকে দীর্ঘদিন ধরে সেই ফ্ল্যাট ফাঁকাই পড়ে রয়েছে। গত বছর শোনা গিয়েছিল, ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত অভিনেত্রী আদা শর্মা ওই ফ্ল্যাটটি কিনেছেন। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী।
সিদ্ধার্থ কাননের শোয়ে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল আদা শর্মাকে। তবে কৌশলে আদা বিষয়টি এড়িয়ে উত্তর দিয়েছেন ভিন্ন ভাবে।
আদা বলেন, ‘আপাতত আমি শুধু বলতে চাই যে আমি সবার হৃদয়ে বাস করি। এবিষয়ে কথা বলার জন্য সঠিক সময় নিশ্চয় আসবে। আমি যখন ওই জায়গাটা দেখতে গিয়েছিলাম, তখন ওটা নিয়ে আগ্রহ দেখে আমি অভিভূত হয়ে গিয়েছিলাম। আমি ভীষণ প্রাইভেট পার্সন। আমি আমার সিনেমার জন্যই জনসাধারণের আগ্রহের কারণ হতে চাই। তবে আমি ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতেই পছন্দ করি। আমি আমার গোপনীয়তা বজায় রাখতে ভালোবাসি।’
অভিনেতা আরও বলেন, ‘আমার মনে হয়, যিনি এই পৃথিবীতে নেই, অথচ একসময় এত সুন্দর সব সিনেমা করেছেন, তাকে নিয়ে এভাবে কথা বলাটা ভুল। আমি এটাকে সমর্থন করি না। তাকে আমি অনেক শ্রদ্ধা করি। আমি তার সম্মান বজায় রাখতে চাই। মানুষ তাকে নিয়ে খারাপ মন্তব্য করলে সেটা আমার ভালো লাগে না। তাকে নিয়ে কিছু মন্তব্য পড়েছি। আপনারা আমাকে ট্রোল করতেই পারেন কিন্তু এমন কাউকে ট্রোল করবেন না, যিনি আর নেই। কারণ তার হয়ে কথা বলার কেউ নেই। আমি কোথায় থাকি তা শিগগিরই জানাবো, তবে এই মুহূর্তে আমি লক্ষ মানুষের হৃদয়ে বাস করছি, বিনা ভাড়ায়।’
২০১৯ সালের ডিসেম্বরে মাসিক সাড়ে চার লক্ষ টাকায় ওই অ্যাপার্টমেন্টটি ভাড়া নিয়েছিলেন সুশান্ত। ৩,৬০০ স্কোয়ার ফিটের ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট সেটি। এই অ্যাপার্টমেন্ট থেকেই অভিনেতার মরদেহ উদ্ধার করা হয়।
সূত্র: হিন্দুস্তান টাইমস








