নিভৃতেই প্রায় দুই মাস আগে প্রয়াত হয়েছেন আশির দশকের সুপরিচিত অভিনেত্রী সুনেত্রা। গত ২৩ এপ্রিল ভারতের কলকাতায় শেষনিশ্বাস ত্যাগ করেন এককালের জনপ্রিয় এই অভিনেত্রী।
মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা জায়েদ খান। নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে জায়েদ লিখেছেন, ‘একসময়ের জনপ্রিয় নায়িকা, শৈশবের আমার পছন্দের একজন নায়িকা, চোখের প্রেমে পড়ত যে কেউ, তিনি সুনেত্রা। অনেক দিন আগেই বাংলাদেশ ছেড়ে কলকাতায় গিয়েছেন।’
‘আমি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালীন কয়েকবার ফোনে কথা বলেছিলাম। আজকে হঠাৎ শুনলাম তিনি আর নেই, মৃত্যুবরণ করেছেন। নীরবে নিভৃতে চলে গেলেন। এভাবেই হারিয়ে যায় মানুষ, চলে যায়। আপনি ভালো থাকবেন ওপারে। অনেক চলচ্চিত্র দেখব আর আপনাকে মিস করব।’
জায়েদ জানান, খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রীর ভাই। কিডনি রোগে আক্রান্ত হয়ে চিত্রনায়িকা মারা গেছেন।
সুনেত্রা মূলত ওপার বাংলার অভিনেত্রী। যদিও ভারতের পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি। ১৯৭০ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন সুনেত্রা। তাঁর মূল নাম রীনা সুনেত্রা কুমার। থিয়েটারের মাধ্যমেই অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল জনপ্রিয় এই অভিনেত্রীর।
নায়ক জাফর ইকবালের বিপরীতে ১৯৮৫ সালে মুক্তি পাওয়া ‘উসিলা’ সিনেমাতে অভিষিক্ত হন সুনেত্রা। ১৯৯০ সালে দেলোয়ার জাহান ঝন্টুর ‘পালকি’ ছবির মাধ্যমেই প্রথম জনপ্রিয়তা এবং দর্শকমহলে পরিচিতি পান সুনেত্রা।
অভিনেতা চিত্রনায়ক জসীম, সোহেল রানা, ফারুক, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চন, মান্নাসহ আরও অনেকের সঙ্গেই পর্দা ভাগ করেছেন সুনেত্রা।
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}](https://www.channelionline.com/wp-content/uploads/2024/06/Picsart_24-06-14_12-31-00-018-750x536.jpg)







