ছিনতাইকারীর কবলে পড়েছেন অভিনেতা হারুন রশিদ। শনিবার দিবাগত রাত ১১টার দিকে রাজধানীর ৩০০ ফিটে ছিনতাইয়ের শিকার হন তিনি। হারুন রশিদ জানান, তিনি শুটিং থেকে ফিরছিলেন। এসময় ছিনতাইকারীরা তাকে ধরেন।
ঘটনার বিস্তারিত জানিয়ে অভিনেতা বলেন, ‘কাঞ্চন থেকে একটা সিএনজিতে উঠেছিলাম। সিএনজিটা ৫-৬ মিনিট চলার পরে নীলা মার্কেটের কাছাকাছি এসে হঠাৎ বন্ধ হয়ে যায়। সিএনজিচালক একটা অন্ধকার জায়গায় গাড়িটা থামায়।
পরের ঘটনা উল্লেখ করে হারুন বলেন, ‘‘ছিনতাইকারীদের মধ্যে একজন আমাকে চিনে ফেলে। ওই ছেলে সঙ্গে থাকা তার সঙ্গীদের বলতে থাকে, ‘উনি তো নাটক করে। ওনার মোবাইল নিলে ঝামেলায় পড়বো।’ এরপর ওরা মোবাইলটি ফেরত দিয়েই মুহূর্তের মধ্যে সেই জায়গা ত্যাগ করে।’’
হারুন রশিদ বলেন, ‘এসব ঘটনা আগে মানুষের কাছ থেকে শুনতাম, আজকে নিজের সঙ্গে ঘটলো। যেন ট্রমায় চলে গেলাম। অসহায় অবস্থায় ফুটপাতের মধ্যে বসে পড়লাম। এরপর একটা গাড়ি থামালাম। লোকটা আমাকে কুড়িল বিশ্বরোডে নামিয়ে দিল। সেখানে একটা বিকাশের দোকান থেকে টাকা তুলে সিএনজি নিয়ে বাসায় ফিরলাম।’
এ ঘটনায় এখনও কোনো মামলার পদক্ষেপ নেননি বলে জানিয়েছেন এই অভিনেতা।








