২০১৯ সালে সর্বশেষ ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। আর এবার ভারতীয় চলচ্চিত্রের সেই সর্বোচ্চ স্বীকৃতিতে সম্মানিত হবেন প্রবীণ অভিনেত্রী আশা পারেখ।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এ তথ্যটি জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর।
জানা গেছে, ২০২০ সালের ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারের জন্য ৭৯ বছর বয়সী এই অভিনেত্রীকে সম্মানিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যিনি হিন্দি সিনেমার সর্বকালের অন্যতম প্রভাবশালী অভিনেত্রী হিসেবে বিবেচিত।
‘দিল দেখে দেখো’, ‘কাটি পতাং’, ‘তিসরি মাঞ্জিল’, ‘কারাভান’ এর মতো চলচ্চিত্রের জন্য সর্বাধিক পরিচিত আশা পারেখ। এছাড়াও ১৯৯০ এর দশকের শেষদিকে প্রশংসিত টিভি নাটক ‘কোরা কাগজ’ পরিচালনা করেছিলেন এই গুণী অভিনেত্রী।
১৯৯৫ সালে অভিনয় জীবন থেকে অবসর নেন আশা পারেখ। তবে ফিল্ম ও টিভি সিরিয়ালের প্রযোজনা শুরু করেন। ২০০২ সালে ফিল্ম ফেয়ার ‘আজীবন সম্মাননা পুরস্কার’ পান তিনি। ২০০৭ সালে তাঁকে লিভিং লিজেন্ড অ্যাওয়ার্ড দেয় ফিকি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস







