এক রাত জেলে কাটাতে হয়েছিল দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে। ইতোমধ্যেই সবাই জানেন সে খবর। তবে কঠিন এই সময়ে এক মুহূর্তের জন্য মেজাজ হারাননি পর্দার এই পুষ্পা।
প্রশাসনের সঙ্গে অসহযোগিতাও করেননি তিনি। উল্টো যেভাবে বাকি অভিযুক্তরা গরাদে পারে থাকেন সে ভাবেই থেকেছেন তিনি। জামিনে মুক্তি পাওয়ার পরেও তার অভিনীত ছবি ‘পুষ্পা ২’ দেখতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত পরিবারকে সমবেদনা জানালেন আল্লু অর্জুন।
একই সঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করলেন। জোড় হাতে জানালেন, তিনি দুর্ঘটনাগ্রস্ত পরিবারের পাশেই আছেন। প্রয়োজনে গুরুতর আহত কিশোরের চিকিৎসার সমস্ত দায়ভার নিতেও প্রস্তুত।
রবিবার (১৫ ডিসেম্বর) সমাজমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ একটি পোস্ট করেন নায়ক। তিনি লেখেন, “আইনি পদক্ষেপের কারণে দুর্গত পরিবারের সঙ্গে সরাসরি দেখা করতে পারছি না। কিন্তু আমার মন পড়ে আছে ওদের কাছেই। অঘটনের জন্য আন্তরিকভাবে দুঃখিত। আহত কিশোরের দ্রুত আরোগ্য কামনা করছি। পরিবারের বাকিরাও যাতে নিজেদের সামলে উঠতে পারেন তার জন্য প্রার্থনা জানাচ্ছি। ওদের পরিবারের সকলকে সমবেদনা জানাই।”
মুক্তির আগে থেকেই নানা কারণে চর্চায় আল্লু অর্জুন-রাশমিকা মান্দানা অভিনীত ছবিটি। কখনও তার গান নিয়ে, তো কখনও দৃশ্যায়ন নিয়ে আলোচনা চলছেই। ছবি মুক্তির দিন যত এগিয়ে এসেছে ততই উত্তেজনা বেড়েছে অভিনেতাদের অনুরাগীদের মধ্যে। তবে ৪ ডিসেম্বর ছবি মুক্তির দিনই অঘটন ঘটেছে।
হায়দরাবাদের ‘সন্ধ্যা থিয়েটার’ প্রেক্ষাগৃহে আল্লু অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’এ বিশেষ প্রদর্শনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। গুরুতর জখম হয় একটি শিশুও। মূলত আল্লুকে এক নজর দেখার ইচ্ছা থেকেই এই বিপত্তি।








