ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে নয় জনের মৃত্যু হয়েছে। যা চলতি বছর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু ২১০ জনে দাঁড়িয়েছে।
একই সময়ে সারাদেশে ৯১৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৫৬ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৭ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৫ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) নয় জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চারজন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৭৮০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এব চলতি বছরে মোট ৩৭ হাজার ৯৫২ জন ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরের ১২ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৪১ হাজার ৮১০ জন। এর মধ্যে ৬৩ দশমিক তিন শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক সাত শতাংশ নারী রয়েছেন।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।








