চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কেদারনগরে জিকে সেচ খালের ১০০ ফুট বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে ধানসহ ক্ষেতের বিভিন্ন ফসল, পুকুরের মাছ ও জাগ দেওয়া পাটের ব্যাপক ক্ষতি হয়েছে।
আজ (৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদ, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস, উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভীন এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে আকস্মিকভাবে এই বাঁধ ভেঙে যায়। বাঁধ ভেঙে সেচ খাল পানি শূণ্য হয়ে পড়ায় প্রকল্প এলাকার কয়েক হাজার হেক্টর ক্ষেতের ধানসহ অন্যান্য ফসল ক্ষতির আশংকা দেখা দিয়েছে। আগামী ১০ দিনের মধ্যে বাঁধের সংস্কার করে পুনরায় সেচ সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।








