কক্সবাজারে মেরিন ড্রাইভে উখিয়ায় ‘গাছের সাথে ধাক্কা লেগে’ মোটর সাইকেল আরোহী এক বিদেশি নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন দুই পথচারি।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার মেরিন ড্রাইভের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফ হোছাইন এই তথ্য নিশ্চিত করে বলেন, নিহত ড্যানিয়েল পল মেগ্রিন (৪৯) অস্ট্রেলিয়ান নাগরিক। তিনি কক্সবাজারে আন্তর্জাতিক একটি সংস্থায় কর্মরত বলে তথ্য পাওয়া গেলেও সংস্থাটির নাম জানা যায়নি।
তবে আহতরা পুলিশ পৌঁছার আগেই চিকিৎসা নিতে সরে যাওয়ায় তাদের পরিচয় নিশ্চিত করতে পারেননি ওসি।
স্থানীয়দের বরাতে পুলিশের এই কর্মকর্তা বলেন, বিকেলে অস্ট্রেলিয়ান নাগরিক ড্যানিয়েল পল মেগ্রিন নিজে মোটরসাইকেল কক্সবাজারের দিকে যাচ্ছিলেন। তিনি উখিয়ার উত্তর নিদানিয়া এলাকার বেলী শ্রীম্প হ্যাচারির সামনে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। এসময় দুর্ঘটনা কবলিত গাড়ীটির ধাক্কায় দুই পথচারি আহত হন।
নিহত ব্যক্তি অস্ট্রেলিয়ান নাগরিক বলে তথ্য দিলেও তিনি কোন সংস্থায় চাকরি করেন তা নিশ্চিত করতে পারেননি ওসি। তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।








