কক্সবাজারের রামুতে জেলা প্রশাসকের গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় পথচারি এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে শিশুটির মা, গাড়িতে থাকা জেলা প্রশাসক এবং মোটরসাইকেল আরোহী।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
নিহত শিশু মোহাম্মদ তানজিম (২) রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সাদের পাড়ার মোহাম্মদ শাহীনের ছেলে। ঘটনায় আহত হয়েছেন নিহত শিশুর মা রুবিনা আক্তার (৩২)।
মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, সকালে তিনি প্রশাসনিক কাজে গাড়ি দিয়ে উখিয়া যাচ্ছিলেন। তার গাড়ি রামু উপজেলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটর সাইকেলের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি পথচারি মা ও সন্তানের গায়ের ওপর গিয়ে ছিটকে পড়ে। এ ঘটনায় মা ও শিশুটি আহত হয়। পরে আমি নিজে গাড়ি থেকে নেমে সঙ্গে থাকা লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসি। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আহত ও নিহতের চিকিৎসাসহ সার্বিক সহায়তাত প্রশাসন পরিবারটি পাশে থাকবেন বলে জানান মোহাম্মদ সালাহউদ্দিন।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান জানান, দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগে শিশুটির মৃত্যু হয়। তার মায়ের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান তিনি।








