চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম গয়েশপুর গ্রামের লস্কর আলীর ছেলে ।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শহিদুল ইসলামসহ ৫/৬ জন গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতের প্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতের মেটেরিয়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে শহিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। অন্যরা পালিয়ে আসে বাংলাদেশে। বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে গেছে।
সীমান্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন জানান, আমি ঘটনাটি শুনেছি।
মহেশপুর ৫৮ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, বিকেলে সীমান্তের ৭০ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে কয়েকজন ভারতে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে শহিদুল ইসলাম নামে একজন গুলিবিদ্ধ হয়। বিএসএফ সদস্যরা তাকে ভারতে নিয়ে গেছে বলে জানতে পেরেছি।








