রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে একযোগে ৮৭ নেতাকর্মী পদত্যাগ করেছেন। সোমবার (৯ মার্চ) জুরাছড়ি উপজেলা কমিটির এক বিশেষ সভায় আহ্বায়ক অসিম চাকমার নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নেন। ইতোমধ্যে তাদের পদত্যাগপত্র রাঙামাটি জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে।
এর আগে পাঁচ দিন আগে দলটির রাঙামাটি জেলা যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমাও পদত্যাগ করেছিলেন।
পদত্যাগী নেতারা জানান, জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে নতুন রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা থেকেই তারা এনসিপিতে যুক্ত হয়েছিলেন। কিন্তু সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি বড় রাজনৈতিক দলের সঙ্গে জোট করার সিদ্ধান্ত নেওয়ায় দলটি তার আদর্শ ও স্বাতন্ত্র্য থেকে সরে গেছে বলে তাদের মনে হয়েছে। বর্তমান অবস্থানের সঙ্গে নিজেদের আদর্শিক অবস্থান মিল না থাকায় তারা সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
জুরাছড়ি উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দেবাশীষ চাকমা বলেন, গত ১ জানুয়ারি রাঙামাটি জেলা কমিটি ছয় মাসের জন্য ৮৭ সদস্যের উপজেলা কমিটি অনুমোদন দিয়েছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তারা সবাই মিলে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
উপজেলা কমিটির আহ্বায়ক অসিম চাকমা বলেন, “বর্তমান পরিস্থিতিতে আমাদের পক্ষে সেই আদর্শ ধরে রাখা সম্ভব হচ্ছে না। তাই আজ থেকে আমি এনসিপির রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটির সদস্য এবং জুরাছড়ি উপজেলা আহ্বায়কসহ সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করছি।”
এ বিষয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা সুলতানা ঝুমা জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় কয়েকজন নেতাকর্মীর মাধ্যমে তিনি পদত্যাগের বিষয়টি শুনেছেন। তবে সাংগঠনিক নিয়ম অনুযায়ী যে কমিটি থেকে অনুমোদন দেওয়া হয়, সেই কমিটির কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিতে হয়। নিয়ম অনুযায়ী পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে কিনা, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।








