শনিবার (২১ ফেব্রুয়ারি) ৮০ বছরে পা রাখলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা, প্রযোজক ও নির্মাতা সোহেল রানা। জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে শুভেচ্ছা ও ভালোবাসার জোয়ার বইছে। চলচ্চিত্রের বিভিন্ন পেজ ও গ্রুপে তার কাজ ও অবদান নিয়ে চলছে স্মৃতিচারণ; শুভেচ্ছা জানাচ্ছেন সাধারণ দর্শক থেকে শুরু করে চলচ্চিত্রাঙ্গনের সহকর্মীরাও।
ঢাকার দুর্দান্ত অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘মাসুদ রানা’-এর মাধ্যমে ১৯৭৪ সালে নায়ক ও পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন মাসুদ পারভেজ, যিনি পরবর্তীতে সবার কাছে পরিচিত হন সোহেল রানা নামে। ‘মাসুদ রানা’ ছবিটি মুক্তির পর দেশজুড়ে সাড়া ফেলে এবং তাকে প্রতিষ্ঠিত করে ভিন্নধর্মী নায়ক হিসেবে।
তবে চলচ্চিত্রে তার সম্পৃক্ততা আরও আগে। ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর প্রযোজক ছিলেন তিনি। স্বাধীনতা-পরবর্তী সময়ে এমন একটি চলচ্চিত্র প্রযোজনার মাধ্যমে দেশের চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সোহেল রানা।
নায়ক ও পরিচালক হিসেবে আত্মপ্রকাশের পর থেকে একাধিক বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকমনে জায়গা করে নেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে অ্যাকশন, সামাজিক ও দেশাত্মবোধক ধারার চলচ্চিত্রে তার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
জন্মদিনে নিজের অনুভূতি জানিয়ে এক পোস্টে সোহেল রানা লেখেন, “মহান আল্লাহর অসীম রহমতে এবং দেশ-বিদেশে আমার বন্ধু বান্ধব ভক্ত সবার দোয়ায় আমি আজ ৭৯ পেরিয়ে আশিতে পদার্পণ করলাম। আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। আগামীতেও আপনাদের দোয়ায় আমাকে স্মরণে রাখবেন এটুকুই আমার বিনীত আশা।”
শেষে এই তারকা লিখেন,“শুভেচ্ছা এবং দোয়া দেশ বিদেশের সকলের প্রতি, মঙ্গল হোক আমার দেশ আমার জাতির।”








