ফিলিস্তিনের উত্তরাঞ্চলীয় শহরটি দখল এবং দশ লাখেরও বেশি ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনা করছে ইসরায়েল। এরই অংশ হিসেবে গাজায় যুদ্ধ অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৈনিক আপডেট অনুসারে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৭০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ধ্বংসস্তূপ থেকে ৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার ১৭ আগস্ট বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘন্টায় ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ধ্বংসস্তূপ থেকে ৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এতে আরও ৩৮৫ জন আহত হয়েছে। এরফলে গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৬১ হাজার ৮৯৭ জনে দাঁড়িয়েছে এবং ২০২৩ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট আহতের সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৬৬০ জনে দাঁড়িয়েছে।
মন্ত্রণালয়টি অনাহার ও অপুষ্টিতে নতুন করে আরও ১১ জনের মৃত্যুর হয়েছে বলে জানিয়েছে, যার মধ্যে একজন শিশুও রয়েছে। এরফলে দুর্ভিক্ষজনিত মৃত্যুর সংখ্যা ২৫১ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১০৮ জন শিশু।
মন্ত্রণালয়টি আরও জানায়, ইসরায়েলি বিমান হামলা অব্যাহত থাকায় অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় আটকে আছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, মানবিক খাদ্য সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে ফিলিস্তিনিরা। গত ২৪ ঘণ্টায় খাদ্য সহায়তা নিতে গিয়ে ২৬ জন নিহত এবং ১৭৫ জন আহত হয়েছে।
২৭ মে থেকে ইসরায়েলি বাহিনী ১ হাজার ৯২৪ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ১৪ হাজার ২৮৮ জন আহত হয়েছে। মার্চের শুরু থেকে গাজা উপত্যকা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া ইসরায়েলের অবরোধ গাজার ২৪ লাখ বাসিন্দাকে ব্যাপক দুর্ভিক্ষ, রোগব্যাধি এবং মৌলিক অবকাঠামো ভেঙে পড়ার ফলে আরও খারাপ মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে।








