যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো আসন্ন ঈদুল ফিতরেও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ৭টি নতুন চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার!
চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, এবারের ঈদে দর্শকদের জন্য থাকছে টানা সাত দিন ধরে সাতটি সিনেমার ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার। ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচারিত হবে সিনেমাগুলো।
ঈদের দিন প্রচারিত হবে আলোচিত সিনেমা ‘অন্তরাত্মা’। ছবিটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। এতে অভিনয় করেছেন শাকিব খান ও দর্শনা বনিকসহ অনেকে।
ঈদের দ্বিতীয় দিন দেখা যাবে ‘দাগি’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। এতে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা।
ঈদের তৃতীয় দিন প্রচারিত হবে ‘প্রিয় মালতী’। ছবিটি পরিচালনা করেছেন শঙ্খ দাশ গুপ্ত। এতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, আজাদ আবুল কালাম ও শাহজাহান সম্রাট।
ঈদের চতুর্থ দিন থাকছে ‘ইনসাফ’। ছবিটি পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার। এতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন ও শরিফুল রাজ।
ঈদের পঞ্চম দিনে প্রচারিত হবে ‘মন যে বোঝে না’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আয়শা সিদ্দিকা। এতে অভিনয় করেছেন আরেফিন শুভ ও তমা মির্জা।
ঈদের ষষ্ঠ দিনে দেখা যাবে বহুল আলোচিত ‘নকশী কাঁথার জমিন’। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আকরাম খান। এতে অভিনয় করেছেন জয়া আহসান, ইরেশ যাকের, রওনক হাসান, দিব্য জ্যোতি, সোম্য জ্যোতি, ফারিয়া শামস ও শেওতি।
ঈদের সপ্তম দিনে প্রচারিত হবে আলোচিত চলচ্চিত্র ‘জ্বিন ৩’। ছবিটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। এতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও সজল।

