মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৭ জন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া এলাকা এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার বালিয়া গ্রামের নাসির হাওলাদারের সাথে একই এলাকার আইয়ুব আলী মাতুব্বরের সাথে বিরোধ চলছিল। সকালে আইয়ুব আলীর মাতুব্বরের মেয়ে সুমাইয়ার সাথে নাসির হাওলাদার-এর স্ত্রী রুনি বেগমের সাথে বাকবিতণ্ডা হয়। এ নিয়ে দুপুরে নাসির হাওলাদার-এর স্ত্রী ও মেয়ে দু’জনে মিলে সুমাইয়াকে মারধর করে।
এরই সূত্র ধরে রাতে নাসির হাওলাদার ও আইয়ুব আলী মাতুব্বরের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে আহত হয় অন্তত ৭ জন। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে র্যাব ও পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।








