পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে টানা সাত দিনের সরকারি ছুটি। এর আগে গতকাল সোমবার ছিল ঈদের আগের শেষ কর্মদিবস। দিন শেষে বিকালে থেকেই রাজধানীসহ বিভিন্ন সড়কে ঘরমুখো মানুষের চাপ বাড়তে দেখা যায়।
চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
সম্ভাব্য এই তারিখ সামনে রেখে আগেই পাঁচ দিনের ছুটির সূচি নির্ধারণ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। এর মধ্যে ঈদের দিন ২১ মার্চ সাধারণ ছুটি। পাশাপাশি ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত ছিল।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত হিসেবে ১৮ মার্চও ছুটি ঘোষণা করে সরকার। এর ফলে ১৭ মার্চ শবে কদরের ছুটিসহ সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পাচ্ছেন।
এর আগে ঈদযাত্রায় ভোগান্তি কমাতে ১৮ মার্চ ছুটির দাবি ওঠে। বিষয়টি বিবেচনায় নিয়ে ৫ মার্চ মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব উত্থাপন করা হয়। পরবর্তীতে ৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে দিনটিকে সাধারণ ছুটি ঘোষণা করে।
প্রজ্ঞাপনে জানানো হয়, কার্যপ্রণালী বিধিমালা, ১৯৯৬ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করা হয়েছে।
তবে জরুরি সেবা খাতগুলো এই ছুটির বাইরে থাকবে। এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাসসহ জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিযোগাযোগ ও ডাক সেবা অন্তর্ভুক্ত। এছাড়া হাসপাতাল, জরুরি চিকিৎসা সেবা, চিকিৎসক-কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহনও স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবে। জরুরি দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্ট দপ্তরগুলোও খোলা থাকবে।








