যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হাওয়াইয়ে সৃষ্ট দাবানলের কারণে অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে। হ্যারিকেন ডোরার বাতাসে দাবানলটি হাওয়াইয়ের লাহানিয়া, ফুলেহু ও মাউই দ্বীপে ছড়িয়ে পড়েছে।
বিবিসি জানিয়েছে, গত মঙ্গলবার শুরু হওয়া এই দাবানলের কারণে এখন পর্যন্ত হাওয়াইয়ের প্রায় এক হাজার ৭শ’ টি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
অঙ্গরাজ্যের মেয়র জানিয়েছে, দাবানালের কারণে ওয়েস্ট মাউইয়ে ১১ হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠায় কয়েক হাজার মানুষ এলাকা ছাড়তে বাধ্য হয়েছে।
হাওয়াইয়ের দাবানলকে একটি বড় প্রাকৃতিক বিপর্যয় বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ফলে রাষ্ট্রীয়ভাবে জরুরী তহবিল ব্যবহার করে উদ্ধারকাজ পরিচালনা করা হচ্ছে।








