নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনের আউটারে ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত হয়েছে। রায়পুরা উপজেলার হাটুভাঙ্গা ও মেথিকান্দা রেল স্টেশনের মাঝামাঝি পলাশতলী ইউনিয়নের কমলপুর খাকচক এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
আজ সোমবার (৮ জুলাই) ভোরে এ ঘটনাটি রেল কর্তৃপক্ষের নজরে আসে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার আফসান আল আলম বলেছেন, নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া চলমান আছে। সেই সাথে তাদের পরিচয় শনাক্তে পিবিআই ও রেলওয়ে পুলিশ কাজ করছে।
স্থানীয়সূত্রে জানা যায়, সকালে রেল লাইনের পাশে ৫টি মরদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় দেখা যায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ সকাল সাড়ে ৯ টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। তারা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে নাকি রেল লাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে এবিষয়ে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ধারণা করা হচ্ছে, চিটাগাং মেইল ট্রেন নয়তো তূর্ণা ট্রেনে কাটা পড়ে তারা নিহত হয়েছে। নিহতদের সবাই পুরুষ।
রেলওয়ে কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে ঘটনার কারণ ও নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।








