দিনাজপুরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ-এর প্রাচীর ধসে ৫ জন নারী আহত হয়েছেন। এদের মধ্যে সীমা (৪৫) নামে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের সবাইকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় মিশন রোডের বিহারি পট্টির গলিতে ঘটে। স্থানীয়রা জানায়, প্রাচীরের পাশে বসে থাকা পাঁচজন মহিলার উপর হঠাৎ প্রাচীরটি ভেঙে পড়ে।
স্থানীয় বাসিন্দা মাসুদ রানা জানান, নতুন বিল্ডিং নির্মাণ ও সেপটিক ট্যাংক খননের সময় উত্তোলিত মাটি প্রাচীরের পাশে স্তুপ করে রাখা হয়েছিল। এতে প্রাচীরের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয় এবং একপর্যায়ে প্রাচীরটি ভেঙে পড়ে। প্রাচীরের নিচে চাপা পড়ে আহত হন সীমা, রায়হানের স্ত্রী, মুরাদের স্ত্রীসহ আরও তিনজন মহিলা।
আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং বর্তমানে তাদের চিকিৎসা চলছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষও প্রাচীরের অবকাঠামোগত নিরাপত্তা বিষয়টি খতিয়ে দেখছেন।


