ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে। যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভেঙে ফের শুরু হওয়া এই সহিংসতায় নিহতের সংখ্যা প্রায় ৫০ হাজার ৯০০ জনে পৌঁছেছে।
বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৪০ জন। এ পর্যন্ত এই সহিংসতায় নিহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৮৮৬ জনে। একই সময় আহত হয়েছেন আরও ১৪৬ জন।
অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপে আটকে রয়েছেন, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যমতে, চলমান সংঘাতে এখন পর্যন্ত আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৮৭৫ জনে।
জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল।







