পঞ্চগড়ের দেবীগঞ্জে ঈদে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ কিশোরসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরের দিকে সোনাহার-দেবীগঞ্জ সড়কের নতুনবন্দর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দেবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিতু আক্তার ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, দন্ডপাল ইউনিয়নের লোহাগাড়া সুপারিতলা এলাকার বাছের আলীর ছেলে কাউসার আলী (১৬), একই এলাকার ইয়াকুব আলীর ছেলে সাব্বির হোসেন (১৭), দেবীগঞ্জ সদর ইউনিয়নের খাঁ পাড়া এলাকার মজনু রহমানের ছেলে সাব্বির (২২) এবং একই এলাকার হজরত আলীর ছেলে বরকত (১৭)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঈদে বেড়ানোর জন্য দুটি ভিন্ন মোটরসাইকেলে তিন বন্ধু খাঁ পাড়া থেকে দেবীগঞ্জের দিকে যাচ্ছিল। অপর একটি মোটরসাইকেলে আরও তিন তরুণ লোহাগারা থেকে নীলসাগরের উদ্দেশে যাওয়ার সময় একটি ভ্যানকে পাশ কাটাতে গিয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ছয় জনকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
দুর্ঘটনায় প্রথমে কাউসার আলীর মৃত্যু হয়। রংপুর মেডিকেল কলেজে পাঠানো হলে পথিমধ্যে সাব্বির হোসেন মারা যায়। চিকিৎসাধীন অবস্থায় খাঁ পাড়ার এলাকার আরেক সাব্বির ও বরকত নামে দুই জনের মৃত্যু হয়। আহত জাকারিয়া এবং সোহেলে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
দেবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল মোকাদ্দেম বলেন, এখন পর্যন্ত আমরা দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। তবে আরও দু’জন চিকিৎসাধীন মারা গেছে বলে শোনা যাচ্ছে। নিহতদের লাশ পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।








