বেসরকারি খাতের চারটি ব্যাংক- ন্যাশনাল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। জানা গেছে, ব্যাংকগুলোতে বেশ কিছু অনিয়মের অভিযোগ ওঠায় অতিরিক্ত তদারকির উদ্দেশ্যে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
পর্যবেক্ষকরা ব্যাংকের পরিচালনা পর্ষদ, নির্বাহী কমিটি ও নিরীক্ষা কমিটির সভায় অংশ নেবেন এবং কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। এর মাধ্যমে ব্যাংকগুলোর পরিচালন কার্যক্রম, ঝুঁকি ব্যবস্থাপনা এবং আর্থিক অবস্থার ওপর সরাসরি নজরদারি জোরদার হবে।
অনিয়ম ও দুর্নীতির কারণে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পতনের পরই চারটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। এরপর ব্যাংকগুলো পরিচালনা করছেন বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়োগপ্রাপ্ত স্বতন্ত্র ও শেয়ারধারী পরিচালকরা। তবে পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক এবার চারটি ব্যাংকে পর্যবেক্ষক বসিয়েছে। মূলত এসব ব্যাংকের স্বতন্ত্র পরিচালকের বিরুদ্ধে অভিযোগ ওঠায় অতিরিক্ত তদারকির উদ্দেশ্য।
নিয়োগপ্রাপ্ত পর্যবেক্ষকরা হলেন-ন্যাশনাল ব্যাংকে ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট-১২ বিভাগের পরিচালক মুনির আহমেদ চৌধুরী, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ইসলামিক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান, প্রিমিয়ার ব্যাংকে পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক এ এন এম মঈনুল কবির এবং আইএফআইসি ব্যাংকে ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১-এর পরিচালক এ কে এম কামরুজ্জামান।
ক্ষমতাচ্যুত সরকারের সময়ে ন্যাশনাল ব্যাংক পরিচালনা করত জয়নুল হক সিকদারের সিকদার গ্রুপ, প্রিমিয়ার ব্যাংক পরিচালনা করত এইচ বি এম ইকবালের প্রিমিয়ার গ্রুপ, আইএফআইসি ব্যাংক পরিচালনা করত সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং আল–আরাফাহ্ ইসলামী ব্যাংক পরিচালনা করতেন এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ।







