কেনিয়ায় কর বৃদ্ধির প্রতিবাদে দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর বিরুদ্ধে গতমাস থেকে চলা বিক্ষোভে এই পর্যন্ত মোট ৩৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন ৩৬১ জন।
এনডিটিভি জানিয়েছে, সোমবার (১ জুলাই) কেনিয়া ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটস নিহতের এই নতুন সংখ্যা প্রকাশ করেছে। এই সংখ্যা দেশটির সরকারের পক্ষ থেকে প্রকাশ করা সংখ্যার দ্বিগুণ। বিবৃতিতে বিক্ষোভের সময়কাল ১৮ জুন থেকে ১ জুলাই পর্যন্ত বলে উল্লেখ করা হয়েছে।
সরকারের অর্থায়নে চলা এই সংস্থাটি এক বিবৃততিে বলেছে, আমাদের রেকর্ড থেকে পাওয়া তথ্য থেকে ইংগিত মিলছে যে বিক্ষোভকালে ৩৯ জন নিহত এবং ৩৬১ জন আহত হয়েছে। এই প্রতিবাদ শুরুর পর থেকে বিষয়টি নিয়ে কেনিয়ায় মোট ৩২টি মামলা হয়েছে এবং ৬২৭ জনকে আটক করা হয়েছে।
এদিকে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো একটি টেলিভিশনে সাক্ষাতকারে বলেছেন, বিক্ষোভকালে ১৯ জন নিহত হয়েছেন। তিনি গত সপ্তাহে কর বৃদ্ধি সম্বলিত বিলটি প্রত্যাহারের ঘোষণাও দিয়েছেন। তা সত্ত্বেও বিক্ষোভকারীরা আজ মঙ্গলবার থেকে নতুন দফায় কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছেন।








