কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন তুলাতলী নৌঘাট এলাকায় মাদক কারবারিদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক মাদক কারবারী গুলিবিদ্ধসহ তিনজনকে আটক করা হয়েছে।
আজ সোমবার (১৯ মে) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
অভিযানে একটি বিদেশি ৯ মিলিমিটার পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন—উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মো. ইলিয়াস (৩০), নুর মোহাম্মদ (৬১) এবং গুলিবিদ্ধ আব্দুল শক্কুর (৪০)। গুলিবিদ্ধ শক্কুর বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হারুন-অর-রশীদ জানান, সাগরপথে বড় একটি মাদকের চালান টেকনাফের উপকূল দিয়ে প্রবেশ করতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে শাহপরীরদ্বীপ কোস্ট গার্ডের একটি বিশেষ দল তুলাতলী নৌঘাট এলাকায় অভিযানে নামে।
অভিযানকালে একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে পাচারকারীরা বোটের গতি বাড়িয়ে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরাও পাল্টা গুলি চালায়। এসময় আব্দুল শক্কুর গুলিবিদ্ধ হন।
পরে ঘণ্টাব্যাপী ধাওয়া দিয়ে বোটটি জব্দ করে তিনজনকে আটক করা হয়। এসময় আরও চার মাদক কারবারী সাগরে লাফ দিয়ে পালিয়ে যায়, যাদের আটক করা সম্ভব হয়নি।
আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।








