বাগেরহাটে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাড়িতে চুরির অভিযোগে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। তবে জেলাপুলিশ সুপার বলেন, বাস্তবে বাড়িতে কোনো চুরির ঘটনা ঘটেনি।
বুধবার (১৮ মার্চ) দুপুরে পুলিশ সুপার মো. হাছান চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার থানায় একটি অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং গ্রেপ্তার করে তিনজনকে। একই সঙ্গে চুরি হওয়া তারও উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো: মো. রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪), মো. চঞ্চল শেখ (৩৮) । তাদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন এলাকায়।
পুলিশ সুপার বলেন, বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে আইজিপির বাসভবনে চুরির ঘটনা ঘটেছে বলে প্রচার হয়েছে। তবে প্রকৃতপক্ষে কোনো চুরির ঘটনা ঘটেনি। সম্প্রচারিত তথ্য যাচাই-বাছাই ছাড়াই প্রকাশিত হয়েছে, যা জনমনে বিভ্রান্তি তৈরি করেছে।
তিনি আরও জানান, সত্য ঘটনা হলো, গত সোমবার রাত ১১টার সময় ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। বাসার বাইরের ওয়াল সংলগ্ন সার্ভিস লাইনের তার ছিড়ে পড়ে মাটিতে পড়ে যায়। পরে অজ্ঞাতনামা কেউ ওই তারগুলো নিয়ে যায়, যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়।







