সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তেঁতুলঝোড়া প্রাথমিক বিদ্যালয়ের কাছে নিয়মিত টহলকালে তাদের আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে পাশের একটি দোকান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ টাকা, পাসপোর্ট, চেক বই, ওজন মেশিন, মোবাইল ফোন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটকরা হলেন মো. সেলিম (৩০), বাবু (৪০) ও জুয়েল (৪০)। তারা সবাই পানপাড়া এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সাভার থানায় আগেও একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।
অভিযান শেষে আটক ব্যক্তিদের ও উদ্ধারকৃত আলামত আইনগত ব্যবস্থার জন্য সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী জানায়, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।







