দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ২৭ বছর পূর্ণ করে ২৮ বছরে পদার্পণ করছে চ্যানেলটি। সোমবার (১৫ জুলাই) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এটিএন বাংলাকে শুভেচ্ছা জানিয়েছে দেশের প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল আই।
পাশাপাশি চ্যানেলটির জন্মদিন উপলক্ষ্যে বিশেষ শুভেচ্ছা উপহার পাঠিয়েছে চ্যানেল আই। এদিন সকালে চ্যানেল আইয়ের প্রধান কার্যালয় থেকে একটি প্রতিনিধি দল রাজধানীর কারওয়ানবাজারে এটিএন বাংলার নিজস্ব কার্যালয়ে শুভেচ্ছা উপহার পৌঁছে দেয়।
রঙিন সাজে ব্যান্ড পার্টি নিয়ে মিষ্টির হাঁড়ি, স্বর্ণ মুদ্রার আদলে উপহার, মিষ্টির ডালিসহ চ্যানেল আইয়ের প্রতিনিধিগণ উপহার সামগ্রী তুলে দেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এর হাতে। আনন্দ চিত্তে তিনি শুভেচ্ছা উপহার গ্রহণ করেন।
‘অবিরাম বাংলার মুখ’ স্লোগানকে বুকে ধারণ করে ১৫ জুলাই ১৯৯৭ সালে যাত্রা শুরু করে এটিএন বাংলা। ওইদিন বিশ্বব্যাপী প্রথম বাংলা ভাষা’র সম্প্রচার ঘটে এই বাংলাদেশি চ্যানেলটির মাধ্যমে।
বিনোদনের পাশাপাশি শিক্ষা, খেলাধুলা, সমাজ, সংস্কৃতি নিয়ে অনুষ্ঠান প্রচারের বিষয়ে প্রাধান্য দিয়ে আসছে এটিএন বাংলা। অনুষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের খেলাধুলাকে সার্বিক পৃষ্ঠপোষকতা দিতেও চ্যানেলটি বদ্ধপরিকর বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।








