টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মিনাস জেরাইস অঙ্গরাজ্যে, যেখানে দুর্যোগে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতি হয়েছে।
আজ (২৫ ফেব্রুয়ারি) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সোমবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণের পর মঙ্গলবার জরুরি উদ্ধারকর্মীরা প্রশিক্ষিত কুকুর নিয়ে ধ্বংসস্তূপে তল্লাশি চালান। একজন শিশুকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করতে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর জুইজ দে ফোরা। এখানেই এখন পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পার্শ্ববর্তী শহর উবা-তেও আরও সাতজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে। এছাড়া ৪০ জনের বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এই এলাকায় অন্তত ২০টি ভূমিধসের ঘটনা ঘটেছে। অনেক বাড়িঘর ধসে পড়েছে এবং রাতে বৃষ্টির সময় অনেকেই ঘরের ভেতরে ছিলেন। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিনও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যা উদ্ধার ও ত্রাণ কার্যক্রমকে আরও জটিল করে তুলতে পারে।
এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা দুর্গতদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, মানবিক সহায়তা, জরুরি সেবা পুনরুদ্ধার এবং পুনর্গঠনে সরকার সর্বোচ্চ সহায়তা দেবে।







