চলতি মাসে বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ে এবং পেরুর বিপক্ষে নামবে আর্জেন্টিনা। দুই ম্যাচ সামনে রেখে ২৮ সদস্যের দল দিয়েছেন বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনি। প্যারাগুয়ের বিপক্ষে শুক্রবার মাঠে নামার আগে দুঃসংবাদ দিলেন। চোট পেয়ে ছিটকে গেছেন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। তার জায়গায় ডাক পেয়েছেন ফাকুন্দো মেদিনা।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে চোট পান লিসান্দ্রো। যদিও কী ধরনের চোটে ভুগছেন তা ক্লাব ও জাতীয় দল এখনও পরিষ্কার করেনি।
এবছরে আর্জেন্টিনা খেলা ১৪ ম্যাচের ১০টিতে ছিলেন লিসান্দ্রো। ২০১৯ সালে অভিষেকের পর সবমিলিয়ে জাতীয় দলে খেলেছেন ২৬ ম্যাচে। ২০২২ কাতার বিশ্বকাপ দলে ছিলেন ২৬ বর্ষী তারকা।
এপর্যন্ত আর্জেন্টিনার হয়ে কেবল তিন ম্যাচ খেলেছেন মেদিনা। শুরুর একাদশে ছিলেন শুধু সবশেষ ম্যাচে, গত বছরের জুনে ইন্দোনেশিয়ার বিপক্ষে। ফ্রেঞ্চ ক্লাব লেসেঁর হয়ে চলতি মৌসুমে ১১ ম্যাচে ছিলেন মেদিনা। তার দল আছে ফ্রেঞ্চ লিগের ৭ম স্থানে।
বিশ্বকাপ বাছাইয়ে শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় প্যারাগুয়ের বিপক্ষে নামবে আর্জেন্টিনা। ২০ নভেম্বর ঘরের মাঠে ভোর ৬টায় বছরের শেষ ম্যাচে পেরুর মুখোমুখি হবে তিনবারের ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দলটি।








