উত্তরপশ্চিম পাকিস্তানের কুররামে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২০ জন নিহত হয়েছেন।
ডয়চে ভেলে জানিয়েছে, ৫ দিন আগে আফগানিস্তান সীমান্তের কাছে কুররাম জেলায় একটা জমি নিয়ে বিরোধ থেকে এই ঝামেলার সূত্রপাত ঘটে। এরপর সেই বিরোধ বড় আকার ধারণ করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় আরও অন্তত ৭৫ জন আহত হয়েছেন।
কুররামের এক উচ্চপদস্থ প্রশাসনিক অফিসার বলেছেন, প্রচুর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার ও অন্য জনজাতিরা এই সংঘর্ষ বন্ধের অনেক চেষ্টা করেছে। কিন্তু তাতে লাভ হয়নি। এদিকে আঞ্চলিক সরকারের মুখপাত্র ব্যারিস্টার সইফ আলী জানিয়েছেন, উত্তেজনা কম করার জন্য প্রশাসন প্রবীন নেতাদের সাহায্য নিচ্ছে। তার দাবি, দুই পক্ষই সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে কুররামে শিয়া ও সুন্নিদের মধ্যে একাধিক সংঘর্ষ হয়েছে। জুলাইতেও তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ দেখা দিয়েছিল। তখনো সংঘর্ষে বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে।
পাকিস্তান হলো সুন্নি-প্রধান দেশ। এখানে মোট জনসংখ্যার মাত্র ১৫ শতাংশ হলেন শিয়া মুসলিম। তারা অভিযোগ করেন, তাদের মাঝেমধ্যেই সহিংসতা ও বিভেদের শিকার হতে হয়।








