দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর প্রাণহানি ঘটেছে। ফলে দেশে হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে, আর উপসর্গভিত্তিক সন্দেহজনক মৃত্যুর সংখ্যা হয়েছে ১৫৬।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর হামের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, একই সময়ে ঢাকায় হামের উপসর্গ নিয়ে চারজন এবং রাজশাহীতে একজনের মৃত্যু হয়েছে।
এদিকে, গত একদিনে নতুন করে ৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এতে করে দেশে মোট নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭২১ জনে। পাশাপাশি, সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ৯৫৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ হাজার ৩৬৯ জন।







