নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কে বালুবাহী দুটি ড্রাম ট্রাকের মধ্যে সংঘর্ষের ট্রাকের ভিতরে থাকা হেলপার সজিব ও চালকের বন্ধু সাকিব ঘটনাস্থলে নিহত হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের নাজিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাত চালক আহত হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয়রা।
নিহত সজিব বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে ও সাকিব কেন্দুরবাগ এলাকার শাহ আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ড্রাম ট্রাক চাকা পাংচার হলে নাজিরপুর এলাকায় এসে দাঁড়ায়। ভোর ৪টার দিকে একই দিক থেকে বালু নিয়ে দ্রুত গতিতে আসা আরেকটি ড্রাম ট্রাক নাজিপুর এলাকায় পৌঁছলে পিছন থেকে দাঁড়িয়ে থাকা আগের চাকা পাংচার ট্রাকটিকে ধাক্কা দিলে সেটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এসময় দ্রুত গতির গাড়ির হেলপার সজিব ও চালকের বন্ধু সাকিব ও অজ্ঞাত চালক গুরুত্বর আহত হয়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ভোর সাড়ে ৪টার দিকে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসে। পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় রাস্তায় পড়ে যাওয়া ট্রাকটির সামনের অংশ কেটে ভিতরে থাকা দুইজনকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতের মধ্যে সজিব ট্রাকটির হেলপার ও সাকিব চালকের বন্ধু ছিলো বলে স্থানীয় ভাবে নিশ্চিত হওয়া গেছে। ধারণা করা হচ্ছে এ গাড়ির চালক ও অপর গাড়ির লোকজন আহত অবস্থায় পালিয়ে গেছে। ঘটনাটি তদন্ত শেষে আরও বিস্তারিত জানা যাবে।








