দিনাজপুরের ফুলবাড়ী এলাকায় একটি ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের ভিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— জামডাঙ্গা গ্রামের আইনুল হক (৫৩) এবং বলিহরপুর গ্রামের রুনা খাতুন (২৩)। আইনুল হক পেশায় ভ্যান চালক এবং রুনা খাতুন রাঙ্গা মাটির প্রাণ কোম্পানির কর্মী ছিলেন। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, ট্রাকটি আটক করা হয়েছে এবং ঘটনায় মামলা প্রস্তুতির কাজ চলছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, সকালে আইনুল হকের চার্জার ভ্যানে রুনা খাতুনসহ আরও দুইজন যাচ্ছিলেন। ভিমপুর এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আইনুল হক ও রুনা খাতুন নিহত হন। অপর দুইজন আহত হন এবং পরে ফায়ার সার্ভিস ও পুলিশ তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা সাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করান। স্থানীয়রা ট্রাকটি আটক করেছে।


