খুলনার সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার মেছাগোনা এলাকায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এছাড়াও দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন।
রোববার ৯ জুন দুপুর আড়াইটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ডুমুরিয়া থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নিহতদের মধ্যে একজন প্রাইভেটকার চালক মোহনলাল বিশ্বাস এবং অন্যজনের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা দুইজন সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
আহতদের মধ্যে গুরুতর শামসুজ্জামানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নিয়ে যাওয়া হয়।
হাইওয়ে পুলিশের এসআই মো. পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার মেছেগোনা এলাকায় দুপুর আড়াইটার দিকে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষ ঘটে। ঘটনাস্থল থেকে নিহত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনায় কবলিত বাস ও প্রাইভেটকার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।








