সুদানের রাজধানী খার্তুমে বিমান হামলায় পাঁচ শিশুসহ ১৭ জন নিহত হয়েছে। এছাড়াও হামলায় ঘনবসতিপূর্ণ ইয়ারমুক জেলায় প্রায় ২৫টি বাড়ি ধ্বংস হয়েছে।
বিবিসি জানিয়েছে, দেশটির সেনাবাহিনীর একজন শীর্ষ জেনারেল আধা-সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) বিরুদ্ধে হামলা বাড়ানোর হুমকি দেওয়ার একদিন পর এই হামলা হয়।
উল্লেখ্য, জেনারেল বুরহান ২০২১ সালের ডিসেম্বরে সুদানের বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতাসীন হন। এরপর থেকেই দেশটিতে রাজনৈতিক তোলপাড় চলছে। সেই ধারাবাহিকতায় সুদানের রাজনৈতিক দলগুলো এর আগে সেনাবাহিনী ও আরএসএফের সাথে ক্ষমতা-ভাগাভাগির এক চুক্তিতে স্বাক্ষর করেছিল। তবে এ দুটি বাহিনীর মধ্যে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা চলছিল। ক্ষমতার দ্বন্দ্বের সেই উত্তেজনা এখন রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে।








