দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের নির্বাচনী প্রচারণায় যোগ দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। নড়াইল-২ আসন থেকে নৌকা প্রতীকে টানা দ্বিতীয়বার নির্বাচিত হতে লড়ছেন মাশরাফী নিজেও।
নিজের প্রচারণার তুমুল ব্যস্ততার মাঝেই সাকিবের প্রচারণায় অংশ নিতে বৃহস্পতিবার মাগুরা ছুটে যান মাশরাফী। ছাদখোলা গাড়িতে টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডারের হয়ে প্রচারণায় নামেন। এ সময় মাশরাফীকে লিফলেট বিতরণ করতে ও মানুষের সঙ্গে হাত মেলাতে দেখা যায়। পরে কথা বলেছেন সাংবাদিকদের সাথে।
নিজের প্রচারণার ব্যস্ততার মাঝেও সাকিবের প্রচারণায় আসার বিষয়ে মাশরাফী বলেন, ‘ওর প্রচারণায় এসেছি, আমারটাও আছে। এখান থেকে গিয়ে আবার আমার প্রচারণায় যাবো। আমার কাছে মনে হয়েছে আমার আসা দরকার আছে, ও নতুন আসছে ওর কাছে যাওয়া উচিত।’
‘সাকিবের জন্য আমার পুরোটা দিয়েই শুভ কামনা। এক-দুঘণ্টার জন্য এখানে এসেছি। তাতে আমার নির্বাচনী প্রচারণার কোনো ক্ষতি হবে না। আর আমি তো ৫ বছর ছিলাম। ও নতুন আসছে, ওর সাথে এক-দুঘণ্টা দিলে তাতে আমার ক্ষতি হবে না।’
সেসময় মাশরাফীর পাশে দাঁড়িয়ে ছিলেন সাকিব। মাশরাফীর মাগুরায় আসায় তার প্রচারণা ভিন্নমাত্রা পেয়েছে, বলেছেন টাইগার অধিনায়ক। সাকিব বলেছেন, ‘এটা অবশ্যই একটা ভালো অধ্যায়। মাশরাফী ভাই-পাপন ভাই, দুজনের সাথেই অনেকবারই নির্বাচন নিয়ে আমার কথা হয়েছে। যেহেতু ওনাদের অনেক অভিজ্ঞতা রয়েছে।’
‘মাশরাফী ভাই’র পাঁচ বছরের অভিজ্ঞতা আছে, পাপন ভাই’র ১০-১৫ বছরের। পাপন ভাই শুরু থেকেই রাজনৈতিক একজন মানুষ। স্বাভাবিকভাবেই তাদের সাথে আলাপ করেছি। যেহেতু এই দুইজনই ক্রিকেটের সাথে আছে। তাদের সাথে আমার প্রতিদিনই আলাপ হয়। আমার কাছে তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করেছে, যেটা আমার জন্য অনেক সহযোগিতা পূর্ণ।’
‘মাশরাফী ভাইকে ধন্যবাদ দিতে চাই, উনি অনেক ব্যস্ততা ও চাপের মাঝেও এখানে এসেছেন, আমাকে সাপোর্ট দেয়ার জন্য। আমিও ওনাকে সাপোর্ট জানাই, উনিও আমাকে সাপোর্ট জানাবেন, এটাই স্বাভাবিক। কারণ আমরা একটা পরিবার। আপনি দেখেন ওনার ওখানে অনেক ক্রিকেটার ছিল, আমার এখানেও অনেক ক্রিকেটার আছে। এখনও আমরা যেকোনো কঠিন মুহূর্তে একে অন্যকে সহযোগিতা করার চেষ্টা করি। যেহেতু এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং একটা বিষয়, আমরা সবাই চেষ্টা করছি, যাতে একসাথে সবাই উতরে যেতে পারি।’
এদিন প্রচারণায় মাশরাফীর সঙ্গে ছিলেন সৌম্য সরকার, রনি তালুকদার, জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমান ও আবু হায়দার রনি। সবার মাঝে ছিলেন উৎফুল্ল সাকিব। লাল-সবুজের দলের সাবেক অধিনায়ক মাশরাফী মুহূর্তটি সেলফিতে ধারণ করেছেন।








