আলবেনিয়ায় পালিয়ে যাওয়া আদিবাসী তুর্কি ক্রিপ্টো প্রতিষ্ঠাতা ফারুক ফাতিহ ওজারকে অর্থ পাচার, জালিয়াতি এবং অপরাধমূলক কাজের মাধ্যমে গ্রাহকের টাকা আত্মসাৎ করার অভিযোগে ১১ হাজার ১৯৬ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
২৯ বছর বয়সী ফারুক ছাড়াও একই অভিযোগে তার দুই ভাইকেও সমান ১১ হাজার ১৯৬ বছর কারাদণ্ড দিয়েছে ইস্তাম্বুলের আদালত।
রোববার ১০ সেপ্টেম্বর মিডল ইস্ট মনিটরে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, গত বৃহস্পতিবার এই রায় প্রদান করা হয়।
অর্থপাচার, জালিয়াতির দায়ে বিপক্ষের আইনজীবী দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ৪০ হাজার ৫৬২ বছরের সাজার আবেদন করেছিলেন। যদিও শেষ পর্যন্ত বিচারক তাকে ১১ হাজার ১৯৬ বছরের কারাদণ্ডের সাজা শোনায়।
শুনানিতে ফারুক দাবি করেন, যদি তিনি কোনও অপরাধ করতেন তাহলে এমন অপেশাদার আচরণ করতেন না। যদিও বিপক্ষের আইনজীবীর দাবি, ফারুক ২০২১ সালের এপ্রিলে তুরস্ক থেকে পালিয়ে যাওয়ার সময় ক্রিপ্টো কারেন্সি ব্যবহারকারীদের সম্পদের ২৫০ মিলিয়ন লিরা বা ১০২ কোটি আট লাখ ৫০ হাজার টাকা তিনটি গোপন অ্যাকাউন্টে সরিয়ে ফেলেন। এই কাজে সহযোগী ছিলেন তার দুই ভাই সেরাপ ও গুভেন। এই কারণে তাদেরও একই সাজা শুনিয়েছে আদালত।








