ঈদে প্রচারের পর থেকেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া ‘ফ্যামিলি ম্যান’ এবার ছুঁয়েছে নতুন মাইলফলক। ইউটিউবে কোটি ভিউয়ের ঘর অতিক্রম করেছে আলোচিত এই নাটকটি।
শনিবার (৪ এপ্রিল) দুপুর পর্যন্ত ‘ফ্যামিলি ম্যান’ দেখা হয়েছে ১ কোটি ৮ লাখেরও বেশি বার। একইসঙ্গে নাটকটি ঘিরে দর্শকদের আগ্রহের প্রতিফলন মিলেছে মন্তব্যেও, এ পর্যন্ত প্রায় ১৯ হাজারের মতো মন্তব্য জমা পড়েছে! যার সবই ইতিবাচক।
ঈদের দিন চ্যানেল আই-এ প্রচারের পর এটি প্রকাশ করা হয় সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকটি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।
‘ফ্যামিলি ম্যান’ নির্মাণ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। পারিবারিক আবহে নির্মিত এই টেলিছবিতে মধ্যবিত্ত জীবনের বাস্তবতা, সংগ্রাম ও আবেগকে তুলে ধরা হয়েছে, যা দর্শকদের সঙ্গে সহজেই সংযোগ তৈরি করেছে।
নাটকটির গল্প, নির্মাণশৈলী এবং অভিনয়- সবকিছুই পেয়েছে দর্শকদের প্রশংসা। বিশেষ করে মনিরা মিঠু-এর অভিনয় আলাদাভাবে নজর কেড়েছে। এছাড়া অভিনয় করেছেন জোভান, তটিনী, রোজী সিদ্দিকী, ডা. এজাজসহ আরও অনেকে।
দর্শকদের প্রতিক্রিয়ায় বারবার উঠে এসেছে আবেগঘন অভিজ্ঞতার কথা। অনেকেই এটিকে “ঈদের সেরা নাটক” হিসেবে উল্লেখ করছেন। কেউ কেউ বলছেন, এটি মধ্যবিত্ত জীবনের এমন বাস্তব চিত্র তুলে ধরেছে, যা দেখলে চোখের পানি ধরে রাখা কঠিন।
সব মিলিয়ে, ‘ফ্যামিলি ম্যান’ শুধু একটি নাটক নয়, এটি এখন দর্শকদের আবেগের জায়গা দখল করে নেওয়া এক অনন্য অভিজ্ঞতা। কোটি ভিউয়ের এই মাইলফলক সেই জনপ্রিয়তারই জোরালো প্রমাণ।

