চুয়াডাঙ্গায় কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আলামিন হোসেন নামে এক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ জুন) দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ছোটদুধপাতিলা এলাকায় ট্রেনটি রেলগেট অতিক্রম করার সময় এ দুর্ঘটনাটি ঘটে। আলামিন হোসেন সদর উপজেলার ডিহি কৃষ্ণপুর ডাক্তার পাড়ার ঝন্টু আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে দর্শনা হল্ট স্টেশন রেলওয়ে পুলিশ ইনচার্জ আতাউর রহমান জানান, দামুড়হুদা উপজেলার ছোটদুধপাতিলা গ্রামের কাছাকাছি এলাকায় কলকাতা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি রেলগেট অতিক্রম করার সময় বুদ্ধি প্রতিবন্ধী আলামিন হোসেন রেললাইন পার হতে যায়। এ সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ ও দর্শনা রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে লাশ দাফনের জন্য পরিবারের কাছে দিয়ে দেয়া হবে।








