ভোলার দৌলতখানে খোরশেদ আলম আইচ ফ্যাক্টরির (বরফ কল) গ্যাসের রিসিভার বিস্ফোরণ হয়ে ছিদ্দিকা খাতুন নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। দুর্ঘটনায় নারী ও শিশুসহ আহত হয়েছেন অন্তত ৮ জন। খবর পেয়ে ফায়ারসার্ভিসের সদস্যরা গ্যাস নিয়ন্ত্রণ আনেন।
শনিবার (৮ জুন) রাতে দৌলতখান পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের আইচ ফ্যাক্টরিতে এ দুর্ঘটনা ঘটে। আহতরা বরিশাল, ভোলা, ও দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা জানান, সন্ধ্যার দিকে হঠাৎ করে খোরশেদ আলম আইচ ফ্যাক্টরিতে গ্যাসের রিসিভার বিস্ফোরণ হয়। এ সময় বিকটশব্দে এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ে ফ্যাক্টরির পাশে থাকা বসতঘরের ছিদ্দিকা খাতুন নামের এক বৃদ্ধা মারা যান।এ ঘটনায় আহত হন ৮ জন।
আহতদের উদ্ধার করে বরিশাল, ভোলা, দৌলতখান, হাসপাতালে ভর্তি করা হয়।
ভোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক লিটন উদ্দিন জানান, তাদের সদস্যরা গ্যাস নিয়ন্ত্রণে এনেছেন। এ ঘটনায় এক বৃদ্ধা মারা গেছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।







