বছর জুড়ে বিনোদনের ব্যতিক্রম গান, নাটক নির্মাণে সরব থাকে ধ্রুব মিউজিক স্টেশন। সেই ধারাবাহিকতার এবারের ঈদেও দেশের অন্যতম নামী এই অডিও প্রযোজনা প্রতিষ্ঠান আয়োজন রেখেছেন বর্ণিল ঈদ আয়োজনের।
তারকা শিল্পীদের পাশাপাশি প্রকাশ করতে যাচ্ছে নতুন সম্ভাবনাময় প্রতিভাবান শিল্পীদের গান। সব শ্রেণির শ্রোতা-দর্শকদের প্রাধান্য দিয়ে রেখে ঈদ আয়োজন করেছেন ধ্রুব মিউজিক স্টেশন।
এ তালিকায় আছে গানের যুবরাজ খ্যাত গায়ক আসিফ আকবর ও মিমি’র দ্বৈত গান ‘মিথ্যা বলতে পারি না’। গানটির গীতিকার স্নেহাশীষ ঘোষ, সুর করেছেন নাজির মাহমুদ আর সংগীতায়োজনে মুশফিক লিটু। গানটির ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান।
‘ঘুড়ি’ খ্যাত লুৎফর হাসানের কণ্ঠে ‘আমি আর আসবো না’। অমৃত দেবনাথের কথায় গানটি সুর করেছেন প্রিন্স রুবেল। সংগীতায়োজন তরিক। ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। ভাটি অঞ্চলের জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রিন্স রুবেল কথা, সুর আর গায়কীতে ‘এক সমুদ্র পানি’। গানটির সংগীতায়োজন করেছেন তরিক। গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।
এ প্রজন্মের আলোচিত কণ্ঠশিল্পী জিসান খান শুভ’র কথা, সুর ও গায়কীতে ‘এলে না তুমি’। গানটির সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। হালের সেনসেশন ইমরান মাহমুদুলের জনপ্রিয় দুটি গান ‘ধোঁয়া’ ও ‘মেঘের খামে’। এবার এই দুটি গানের মেশআপ করেছেন হাসান সামস; ইকবাল ও ক্ষুদে গানরাজ খ্যাত হুমায়রা ঈশিকা।
ওপার বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী রূপঙ্কর বাগচীর ‘ভালো থাকুক’। গালিব সরদারের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন টোনাই দেবাশীষ গাঙ্গুলী। নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী শফিক মাহমুদের ‘তুই যদি আমার থাকিস’। ফারুক রাজের কথায় গানটির সুর করেছেন শফিক মাহমুদ নিজেই। সংগীতায়োজন করেছেন কাওসার খান। গানটির ভিডিও নির্মাণ করেছেন এম এইচ রিজভী।
প্রতিভাবান কণ্ঠশিল্পী তাজুল ইসলাম গেয়েছেন ওপার বাংলার কণ্ঠশিল্পী অদিতি চক্রবর্তীর সঙ্গে দ্বৈত গান। গানটির শিরোনাম ‘কেন দুঃখ দিলে’। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন তাজুল ইসলাম নিজেই। আর সংগীতায়োজন করেছেন জাহিদ বাবু। গানটির ভিডিও নির্মাণ করেছেন সুশান্ত ঘোষ। এই প্রজন্মের প্রতিভাবান কণ্ঠশিল্পী এইচ. আল আমিনের ‘পিরিতের সেল’। গানটির কথা ও সুর মো. সুরুজ্জামান। সংগীত আকাশ মাহমুদ। গানটির ভিডিও নির্মাণ করেছেন আল আমিন নিজেই।
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) কর্তৃপক্ষ জানায়, ২৮ এপ্রিল থেকে তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা শুরু হয়েছে ঈদের বিশেষ গান ভিডিও। চলবে ৬ মে পর্যন্ত। পাশাপাশি গানগুলো শুনতে পাওয়া যাবে দেশী ও আন্তর্জাতিক বিভিন্ন অ্যাপে।








