ফাইজার ও বায়োএনটেক ছয় মাসের বেশি ও পাঁচ বছরের কম বয়সের শিশুদের তাদের তৈরি কোভিড টিকা ব্যবহারের জন্য মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে জরুরি অনুমোদনের আবেদন করছে।
মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে ই তথ্য প্রকাশ করা হয়।
মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) দুই ডোজ স্বাস্থ্য সুরক্ষা টিকার অনুমোদন দিলে তা হবে যুক্তরাষ্ট্রে এ বয়সী শিশুদের জন্য পাওয়া প্রথম কোভিড টিকা।
জায়ান্ট এ দুই কোম্পানি জানায়, তারা এফডিএ’র অনুরোধ জানানোর পর তাদের আনুষ্ঠানিক আবেদন জমা দেয়ার কাজ ইতোমধ্যে শুরু করেছে।
এমন ঘোষণা দেয়ার পর পরই টুইটারে দেয়া এক বার্তায় এফডিএ জানায়, তারা এ আবেদন বিবেচনা করার ব্যাপারে দুই সপ্তাহের মধ্যে (আগামী ১৫ ফেব্রুয়ারি) বৈঠক করবে।
এফডিএ’র ভারপ্রাপ্ত প্রধান জানেট উড কক জানান, ‘এ নির্দিষ্ট বয়সী শিশুর জন্য একটি নিরাপদ ও কার্যকরী ভ্যাকসিন পাওয়া হচ্ছে এ সংস্থার অগ্রাধিকার।’
তিনি আরও বলেন, করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ সাম্প্রতিক সময়ে অনেক বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এফডিএ এ আবেদনের অনুরোধ জানায়।








