৩০ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় বলছেন রাজাপাকশে

৩০ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন রাজাপাকশে, সংবাদ সম্মেলনে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
৩০ বছর বয়সেই সবধরনের ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন শ্রীলঙ্কার ভানুকা রাজাপাকশে। বুধবার লঙ্কার ক্রিকেট বোর্ডকে অবসরের চিঠি পাঠিয়েছেন বাঁহাতি ব্যাটার।
গণমাধ্যমকে ভানুকার অবসরের চিঠির ব্যাপারটি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। পরিবার এবং পিতৃত্বকে আরও গুরুত্ব দেয়ার উদ্দেশ্যেই ক্রিকেট থেকে আকস্মিক এই বিদায়ের সিদ্ধান্ত রাজাপাকশের, এমন জানিয়েছে বোর্ড।
চিঠিতে রাজাপাকশে লিখেছেন, ‘ক্রিকেট ক্যারিয়ার এবং পরিবার, দুটো বিষয় নিয়েই আমি চিন্তা করেছি। পিতৃত্ব এবং পরিবারকেই আমি আরও প্রাধান্য দিতে চাই।’
ক্রিকেটে শ্রীলঙ্কার উত্তরোত্তর সাফল্য কামনাও করেছেন রাজাপাকশে। আগে মিডিয়া সম্পর্কিত ইস্যুর কারণে ২০২১ সালের জুলাই মাসে সবধরনের ক্রিকেট থেকে একবছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বাঁহাতি ব্যাটার।
মাত্র আড়াই বছর আগে লাহোরে পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টির মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন রাজাপাকশে। শ্রীলঙ্কার হয়ে ১৮ টি-টুয়েন্টিতে ২৬ গড়ে করেছেন ৩২০ রান। ৫টি ওয়ানডে ম্যাচে করেছেন ৮৯ রান।







