খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন শুরু হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায়। অথচ এরই মধ্যে ৩০টি ভোটকেন্দ্র থেকে বিএনপি প্রার্থীর পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।
ভোটকেন্দ্রগুলোর অবস্থা খুব খারাপ উল্লেখ করে তিনি বলেন, ভোটাররা খুব ভয়ে আছেন। হামলা-সহিংসতার আশঙ্কায় অনেকে ভোটকেন্দ্রে আসতে ভয় পাচ্ছেন।
আওয়ামী লীগ ভোট ডাকাতি করে নির্বাচনে জয়ের চেষ্টা করতে পারে আশঙ্কা প্রকাশ করে মঞ্জু বলেন, ভোট ডাকাতি হলে এই নির্বাচন মেনে নেবেন না তিনি।
এর আগে সোমবার ভোটের আগের দিনই কারচুপির শঙ্কার কথা জানিয়ে সরকারি দলের প্রার্থীর বিরুদ্ধে যেন অভিযোগের পাহাড় দাঁড় করান এই মেয়র প্রার্থী।
সোমবার সংবাদ সম্মেলনে মঞ্জু অভিযোগ করেন, নির্বাচনে পুলিশ সরকারের পক্ষ হয়ে মাঠে নেমেছে। কিন্তু তারপরও ভোটের পরিবেশ যদি সুষ্ঠু হয় তবে ভোটারদের রায় মেনে নেবেন বলে জানান তিনি।








