২০০৫ সালের ১৭ আগস্ট একযোগে দেশের ৬৩ জেলায় সিরিজ বোমা হামলার প্রতিবাদে কালো পতাকা ও বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চত্বর থেকে মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে অমর একুশে পাদদেশে গিয়ে শেষ হয়।
মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দেড় শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। এসময় জঙ্গিবাদ বিরোধী বিভিন্ন শ্লোগান দেন নেতা-কর্মীরা। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ছাত্রলীগের নেতা-কর্মীরা ১৭ আগস্ট ৬৩টি জেলায় বোমা হামলায় জড়িত ব্যক্তিদের ও জঙ্গিবাদে মদদদাতাদের শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, ‘বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেই বাংলাদেশে জঙ্গিদের উত্থান ঘটে। তারাই জঙ্গিদের লালন-পালন করে আসছে। ২০০৫ সালে দেশের ৬৩ জেলা ৫০০ টি পয়েন্টে বোমা হামলা চালিয়েছিল নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবি। ধিক্কার জানাই সেই জেএমবির মদদদাতা বিএনপি জোট সরকারের প্রতি। বর্তমানে জঙ্গি দমনে কঠোর ভূমিকা পালন করছে আওয়ামী লীগ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ।’
এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের প্রায় দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।








