তথ্য প্রযুক্তির উন্নয়নের এই সময়টাতেও ডিজিটাল হয়নি দেশের সিনেমা হলগুলো। সেলুলয়েডের ফিতা ছেড়ে সিডিতে সিনেমা বানানো হলেও হলগুলোতে সেইসব ছবি চালানো হয় মোটা অংকের টাকায় প্রজেক্টর ভাড়া করে। সেই টাকা বহন করতে হয় চলচ্চিত্রের প্রযোজককে। ফলে বেড়ে যায় ছবি নির্মাণের খরচ।
পাশাপাশি বিশেষ একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ডিজিটাল মেশিন ভাড়া করতে হয় বলে ওই প্রতিষ্ঠানের হাতে জিম্মি থাকেন সিনেমার প্রযোজকেরা। সেই জিম্মিদশা কাটাতে দেশের ১০০টি হলে স্থায়ীভাবে ডিজিটাল মেশিন বসাবেন বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন চলচ্চিত্র প্রযোজক সেলিম খান। তিনি প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার।
সেলিম খান বলেন, শাপলা মিডিয়ার পক্ষ থেকে আমি প্রাথমিকভাবে ১০০ সিনেমা হলে ডিজিটাল মেশিন দেব। ভারতের একটি প্রতিষ্ঠানের সাথে আলোচনা চূড়ান্ত করেছি। সঙ্গত কারণে নাম বলতে চাইনা এখন। ক’দিন পরে সবাই জানতে পারবে। আমাদের প্রোডাকশন হাউজের প্রথম ছবি ‘আমি নেতা হবো’ মুক্তির পরেই এই কার্যক্রম শুরু করবো। তথ্যমন্ত্রী, মন্ত্রণালয়ের সচিব মহোদয়, এফডিসির চলচ্চিত্রের বিভিন্ন সংগঠন পরিচালক সমিতি, শিল্পী সমিতির নেতা ও সদস্যদের সহযোগিতায় এই কার্যক্রম করবো।
তিনি বলেন, সবার সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রাথমিকভাবে ১০০ সিনেমা হলে ডিজিটাল মেশিন দেব। সম্পূর্ণ ইন্ডাস্ট্রির স্বার্থে এই উদ্যোগ নিয়েছি। এতে করে শিল্পী, প্রযোজক ও পরিচালকেরা লাভবান হবেন। বিশেষ করে প্রযোজকরা বাঁচবে। আর প্রযোজক বাঁচলে, বেশি বেশি ছবি নির্মাণ হবে। এটা সরকারিভাবে নয়, সম্পূর্ণ ব্যক্তিগতভাবে এই মেশিন দেব।
সেলিম খান আরো বলেন, অন্য প্রতিষ্ঠান সিনেমা হলে মেশিন বসিয়ে যে ভাড়া নিচ্ছে, আমি তাদের চেয়ে ৪০ পার্সেন্ট কম মূল্যে ভাড়া নেব। একজন ক্রেতা এক দোকান থেকে বেশি দামে জিনিস কিনছে। ঠিক তার পাশের দোকান থেকে একই জিনিস ৪০ পার্সেন্ট কম দামে বিক্রি হলে মানুষ কিন্তু কম দামে বিক্রি করা দোকান থেকেই জিনিস কিনবে।
আমি নেতা হবো ও চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্ল্যা মাইয়া এই দুই ছবির প্রযোজক বলেন, আমি একজন প্রযোজক হিসেবে বুঝেছি আমার ছবি রিলিজের আগে বিভিন্ন বুকিং এজেন্ট, হল মালিকদের বিভিন্ন ধরণের কথাবার্তা বলা হচ্ছে। আমার কাছে বিভিন্ন অভিযোগ রয়েছে। ছবি মুক্তির আগে আমি কারো কাছে জিম্মি থাকতে চাইনা। সেজন্য আমি নিজ উদ্যোগে হলে মেশিন বসাতে চাই। তার আগে হল মালিকদের সাথেও বসে আলোচনা করবো।
শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, সেলিম ভাই যদি সিনেমা হলে ডিজিটাল মেশিন দেন তবে আমাদের ইন্ডাস্ট্রির লাভ হবে। আর ইন্ডাস্ট্রির লাভ হলে শিল্পী, পরিচালক, প্রযোজক ভালো থাকবে। সেলিম ভাইকে সেলুট জানাই। ন্যায়ের পথে থেকে কাজ করলে শিল্পী সমিতি তার সাথেই থাকবে।
উল্লেখ্য, শাপলা মিডিয়ার প্রথম ছবি ‘আমি নেতা হবো’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৬ ফেব্রুয়ারি। এরপর চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবিও রয়েছে মুক্তির অপেক্ষায়। এছাড়া নির্মাণের অপেক্ষায় রয়েছে মামলা হালমা ঝামেলা, কেউ কথা রাখেনা, বয়ফ্রেন্ড ইত্যাদি ছবিগুলো। সবগুলো ছবির নায়ক ঢালিউড সুপারস্টার শাকিব খান।








