উইকিলিকসের ফাঁস করা ই-মেইল বিতর্ক নিয়েই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে দলের প্রার্থী ঘোষণায় ফিলাডেলফিয়ায় শুরু হয়েছে ডেমোক্র্যাট পার্টির চার দিনের জাতীয় সম্মেলন। বিভেদ ভুলে ট্রাম্পকে ঠেকাতে দলের ভেতর ও নিজের সমর্থকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বার্নি স্যান্ডার্স।
ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের ব্রাদারলি লাভ শহরে শুরু হয়েছে ডেমোক্র্যাট পার্টির চার দিনের জাতীয় সম্মেলন। সম্মেলনে প্রাইমারি ভোটে জয়ী হিলারি ক্লিনটনকেই প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করা হবে। সম্মেলনের প্রথম দিনেই উপস্থিত থাকছেন ফার্স্টলেডি মিশেল ওবামা, হিলারির প্রাইমারি প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স, সিনেটর কোরি বুকার ও এলিজাবেথ ওয়ারেন।
সম্মেলনের আগেই হিলারির মনোনয়ন নিয়ে পক্ষপাতিত্বের বিষয়ে ১৯ হাজারেরও বেশী ই-মেইল ফাঁস করে উইকিলিকস। এরপর থেকেই দলে ঐক্যের বদলে বিভেদ সামাল দিতে হিমশিম খাচ্ছেন ডেমোক্র্যাটরা। সম্মেলনের প্রথম দিন হিলারিবিরোধী প্রতিবাদ সমাবেশ করেছে স্যান্ডার্সের সমর্থকরা। সেসময় তারা হিলারির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। তবে হোয়াইট হাউসের দৌড়ে হিলারিকে সমর্থন জানাতে সমর্থকদের প্রতি আহবান জানিয়েছেন স্যান্ডার্স।
আর ডেমোক্র্যাটদের এই বিভেদের ফায়দা তুলতে মরিয়া রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। দলটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বলেছেন, ই-মেইল ফাঁসের ঘটনা দেখিয়ে দিয়েছে ডেমোক্র্যাটরা এখন চূড়ান্ত ধসের মুখে।
ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় কমিটির কর্মকর্তাদের ই-মেইল ফাঁসের জন্য রুশ গোয়েন্দা সংস্থাকে সন্দেহ করছে মার্কিন কর্তৃপক্ষ। তবে ই-মেইল ফাঁসের সাথে রুশ গোয়েন্দা সংস্থার জড়িত থাকার বিষয়টি নাকচ করে দিয়েছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।








