অবৈধ বোলিং অ্যাকশনের জন্য তৃতীয়বারের মত নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। নিষিদ্ধ হাফিজের সাহায্যে তাই হাত বাড়িয়েছেন সদ্য অবসরের ঘোষণা দেওয়া তার সাবেক সতীর্থ জাদুকরী স্পিনার সাঈদ আজমল। বলেছেন, পিসিবি চাইলে, মাত্র এক মাসেই হাফিজের বোলিং অ্যাকশন ঠিক করে দেবন তিনি।
হাফিজকে তিনি কিভাবে সাহায্য করবেন? সেই উত্তরে ডন পত্রিকাকে আজমল বলেছেন, ২০১৪ সালে একই সমস্যায় তিনি যখন নিষিদ্ধ হয়েছিলেন, তখন সাকলাইন মুস্তাক ও মুস্তাক আহমেদ তাকে সাহায্য করেছেন। দুই মুস্তাকের পথে হেঁটেই কাজটা করতে চান তিনি।
বোলিং অ্যাকশন নিয়ে আইসিসি পাকিস্তানি বোলারদের ‘টার্গেট’ করেছে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন আজমল। এজন্য পিসিবিকে জরুরি ভিত্তিতে নজর দেওয়ার আহবান জানিয়েছেন।
চলতি মাসের শুরুতেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন আজমল। পিসিবির কাছে কোনও ফেয়ারওয়েল ম্যাচও চান না তিনি, ‘আমি তাদের (পিসিবি) কিছু ভিক্ষা করতে চাই না’।








