আয় বহিভূর্ত দুর্নীতির সব মামলায় ভারতের তামিলনাডু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতাকে বেকসুর খালাস দিয়েছেন কর্নাটক হাইকোর্ট। সোমবার এক রায়ে তাকে নির্দোষ বলে রায় ঘোষণা করেন আদালত। এ আদেশের পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে ফিরতে আর বাধা নেই।
২০১৪ সালের সেপ্টেম্বরে তাকে দোষী সাবস্ত করে ৪ বছরের জেল দিয়েছিল ব্যাঙ্গালুরুর আদালত। তা খারিজ করে তামিল রাজনীতিতে আম্মা খ্যাত জয়ললিতাকে খালাস দিল হাইকোর্ট। তার সঙ্গে খালাস দেওয়া হয়েছে অভিযুক্ত আরও চারজনকেও।
রায় ঘোষণার পর চেন্নাইতে জয়ললিতার হাজার হাজার সমর্থক আনন্দ মিছিল করেছে।
১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকাকালে আয় বহির্ভূত দুর্নীতি মামলায় জয়ললিতাকে ৪ বছরের জেল দেন আদালত। সেই সঙ্গে তাকে ১০০ কোটি রুপি জরিমানা করা হয়। প্রথম রায়ের পর তিন সপ্তাহ কারাগারে ছিলেন তিনি। পরে হাইকোর্টের রায় পর্যন্ত জামিন পান।
সাজা হওয়ার পর মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হয় জয়ললিতাকে। তবে হাইকোর্টে নির্দোষ প্রমাণ হওয়ার পর ফের নিজ পদে ফেরার সুযোগ আছে তার।জয়ললিতার বিরুদ্ধে অভিযোগ ছিল, আয়কর বিভাগকে ৬৬ কোটি টাকার হিসেব তিনি দিতে পারেননি। তার বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ টাকা ছাড়াও ২৮ কিলোগ্রাম সোনা, ৮শ’ ৮০ কিলোগ্রাম রুপা, ১০ হাজার শাড়ি, ৭৫০ জোড়া জুতো, ৯১টি বিদেশী ঘড়ি উদ্ধার করে আয়কর বিভাগ।







