‘হিরোপন্তি’ দিয়ে বলিউডে পা রাখলেও ‘বাঘি’ ছবির মাধ্যমেই দর্শক প্রিয়তা লাভ করেন জ্যাকি শ্রফ পুত্র টাইগার শ্রফ। ‘বাঘি’ সিরিজের ২টি ছবিতে অসাধারণ অভিনয়ের পর গেল বছর ঘোষণা এসেছিল শিগগির পর্দায় আসবে ‘বাঘি’র তৃতীয় কিস্তি।
আর কথামতোই আসতে চলেছে ‘বাঘি থ্রি’। যার প্রথম ঝলক দেখালেন টাইগার। সোমবার (৩ ফেব্রুয়ারি) টাইগার নিজের ইনস্টাগ্রাম থেকে প্রকাশ করল ‘বাঘি থ্রি’র প্রথম পোস্টারটি। পোস্টারে দেখা যাচ্ছে বিশাল এক ট্যাঙ্কের সামনে বন্দুক হাতে দাঁড়িয়ে টাইগার।
যা থেকেই বুঝা যাচ্ছে আগের দুই কিস্তির মতোই এর তৃতীয় কিস্তিও থাকবে অ্যাকশনে ভরপুর। অনেকে বলছেন, ‘বাঘি ৩’র অ্যাকশন টেক্কা দিবে হলিউডকেও!
একই সাথে পোস্টার প্রকাশের পাশাপাশি ছবিটির ট্রেলার মুক্তির তারিখ ও ঘোষণা করা হয়েছে এর ক্যাপশনে। আসছে ৬ই ফেব্রুয়ারি প্রকাশ পাবে টাইগার অভিনীত ‘বাঘি থ্রি’র ট্রেলার।
তবে সবচেয়ে মজার বিষয় হলো ‘বাঘি থ্রি’র মাধ্যমে প্রথমবারের মত একসাথে পর্দায় দেখা মিলবে বাবা জ্যাকি শ্রফের সাথে টাইগারের! যেখানে বাবা-ছেলের চরিত্রে অভিনয় করবেন তারা। এছাড়াও ‘বাঘি’র প্রথম কিস্তির মত তৃতীয় কিস্তিতেও টাইগারের বিপরীতে থাকবেন শ্রদ্ধা কাপুর।
ছবির শুটিং হয়েছে ইরান ও সিরিয়ার কিছু অংশে। পরিচালনা করছেন আহমেদ খান এবং প্রযোজনায় থাকছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ছবিটি মুক্তি পাবে আগামী ৬মার্চ।








